বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ আর নেই
![]() |
| ছবিঃ বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ |
হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৯ বছর বয়সে ইন্তেকাল; কেন্দ্রীয় শ্রমিক দলের শোক প্রকাশ
বগুড়া জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল ওয়াদুদ আর নেই। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক শোকবার্তায় তাঁর মৃত্যুর বিষয়টি জানানো হয়।
মরহুম আব্দুল ওয়াদুদ বগুড়া জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এবং জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজি. নং বি-১৯০১) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম খান। একই সঙ্গে শোক প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।
শোকবার্তায় নেতৃবৃন্দ উল্লেখ করেন, আব্দুল ওয়াদুদ তাঁর কর্মময় জীবনে শ্রমিক-কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামেও তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। দলের দুঃসময়ে ঝুঁকি নিয়ে নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর বিষয়টিও শোকবার্তায় স্মরণ করা হয়।
তাঁর মৃত্যুতে বগুড়ার রাজনৈতিক ও শ্রমিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন