প্রধানমন্ত্রী তারেক রহমানের গোবিন্দগঞ্জ সফর ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি, যৌথ সভায় চূড়ান্ত কর্মপরিকল্পনা
![]() |
| ছবিঃ ক্যামেরায় ধারণ |
আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের গাইবান্ধার গোবিন্দগঞ্জ সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে স্থানীয় বিএনপি। সফরটি সফল, সুশৃঙ্খল ও স্মরণীয় করে তুলতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংগঠনিক তৎপরতা জোরদারসহ বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম চারমাথা এলাকার এ.আর কমিউনিটি সেন্টারে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, এমপি।
গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু।
সভায় বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সহসভাপতি ফারুক কবির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপু, উপদেষ্টা অ্যাডভোকেট ওবাইদুল হক সরকার বাবলু, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন পাতা, দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সেন্টু ও মাহিদুর রহমান রানক।
এ ছাড়া বক্তব্য দেন পৌর মহিলা দলের সভানেত্রী কাকলী চৌধুরী, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক, হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম প্রধান বিপ্লব, দরবস্ত ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম গাছু এবং গোবিন্দগঞ্জ বেগম মজিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী মনোয়ার হোসেন রাজুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের গোবিন্দগঞ্জ সফরকে কেন্দ্র করে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ, জনসমাগম ব্যবস্থাপনা এবং বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে সমন্বয় নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, ৫ ডিসেম্বরের সফর গোবিন্দগঞ্জের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ আয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সফল করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানো এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানান তাঁরা।
সভায় জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ সম্মিলিত প্রচেষ্টা, সাংগঠনিক ঐক্য ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের গোবিন্দগঞ্জ সফর সফলভাবে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন