সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির বাণী: দেশপ্রেম ও জনগণের আস্থাই বাহিনীর প্রকৃত শক্তি
![]() |
| ছবিঃ বাম পাশে সশস্ত্র বাহিনীর লোগো এবং ডানপাশে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি |
শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি বলেন, দেশপ্রেম, সুশৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি।
রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাতজন বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সব বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে শত্রুর বিরুদ্ধে অভিযান শুরু করে, যা মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করেছিল।
বাণীতে রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জিয়াউর রহমানের নেতৃত্ব, দূরদর্শিতা ও উদ্যোগ স্বাধীন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি, শৃঙ্খলা ও পেশাদারিত্ব সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ এবং প্রযুক্তিগত ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।
রাষ্ট্রপতি আরও বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ, শক্তিশালী ও আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। পরিবর্তিত বৈশ্বিক হুমকি ও ভূরাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় প্রতিরক্ষা পরিকল্পনা, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় সংকট ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। একই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের পেশাদারিত্ব ও দক্ষতা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করছে।
বাণীর শেষাংশে রাষ্ট্রপতি সংবিধান, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য এবং সব সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন