সুপ্রিম কোর্টে প্রবেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক, নিয়ন্ত্রণে আসছে প্রবেশ ও বহির্গমন
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
![]() |
| বাংলাদেশ সুপ্রিম কোর্টের মূল ভবন। ছবিঃ সংগ্রহীত। |
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা জোরদারে প্রবেশ ও বহির্গমন ব্যবস্থায় নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, আদালত প্রাঙ্গণে প্রবেশের সময় আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা চাইলে প্রবেশপথে তা প্রদর্শন করতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেলের দপ্তর থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিন। প্রধান বিচারপতির আদেশক্রমে জারি করা এ নির্দেশনা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী এবং বিচারপ্রার্থী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশ ও বহির্গমন গেট নিয়ন্ত্রণ, পরিচয়পত্র যাচাই এবং নিরাপত্তা তল্লাশি কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
নতুন নির্দেশনা অনুযায়ী, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ ও বের হওয়ার জন্য ৩ নম্বর মাজার গেট এবং বাংলাদেশ বার কাউন্সিল ভবনসংলগ্ন আউটার গেট ব্যবহার করতে হবে। অন্যদিকে, ন্যায় সরণি গেট দিয়ে শুধু আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়া যাবে। প্রশাসনিক জামে মসজিদসংলগ্ন গেট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বক্ষণিক বন্ধ থাকবে।
এ ছাড়া প্রবেশপথে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজন অনুযায়ী আগত ব্যক্তিদের তল্লাশি করতে পারবেন। এ সময় নিরাপত্তা কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা আরও সুসংহত করা এবং বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন